logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ মে ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ই-নামজারি থেকে অনলাইন খাজনা—এক ছাদের নিচে মিলছে ভূমিসেবা

ভূমিসেবায় ডিজিটাল ছোঁয়া, জৈন্তাপুরে তিন দিনের মেলা শুরু

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
ভূমিসেবায় ডিজিটাল ছোঁয়া, জৈন্তাপুরে তিন দিনের মেলা শুরু

সিলেট। 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলা-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।


র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ভূমি সেবাগ্রহীতা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত সেবা কেন্দ্রে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব-এর সভাপতি গোলাম সরওয়ার বেলাল ও সহ-সভাপতি আব্দুল হালিম, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট-এর সুপার হেলাল আহমদ এবং জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল-এর প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উদ্বোধনী বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, সরকারি অফিসে সহজ ও হয়রানিমুক্ত সেবা পাওয়া নাগরিকের অধিকার। বিশেষ করে ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। তিনি শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই ভূমি বিষয়ে ধারণা দিতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান।


আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে মেলা প্রাঙ্গণে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15511
Page of