কানাইঘাটে পানিবাহী ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কানাইঘাট প্রতিনিধি।
সিলেটের কানাইঘাট উপজেলা থানা রোড এলাকায় ব্যাটারিচালিত পানিবাহী ভ্যানের ধাক্কায় ৭ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে কানাইঘাট প্রি ক্যাডেট স্কুল-এর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু অভি দাস ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল ছুটির পর গেটের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে থাকা অবস্থায় পানিবাহী ভ্যানটি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। তবে সিলেটে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে ভ্যানচালক সুফিয়ান আহমদ-কে আটক করা হয়েছে। পরে নিহত শিশুর পিতা অশেষ দাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (১৯ মে) পুলিশি স্কর্টে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিনই শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে চলাচল করে। পাশাপাশি অবৈধ ব্যাটারিচালিত ভ্যান ও মিশুকের বেপরোয়া চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব দাস ঝলক বলেন, প্রতিষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থী ও ২১ জন শিক্ষক রয়েছে। নিরাপত্তার জন্য ২ জন নারী নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। তিনি ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং আইনি ও আর্থিক সহায়তার কথা জানান।
সচেতন মহল মনে করছে, ব্যস্ত সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তারা নিরাপদ স্থানে বিদ্যালয় স্থানান্তর এবং সড়ক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে কানাইঘাট প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঘটনাটি তার জানা নেই। তবে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।