logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৮ মে ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নবীগঞ্জে দিনদুপুরে দুই শিক্ষিকাকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ছিনতাই, আতঙ্কে শিক্ষক সমাজ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন
নবীগঞ্জে দিনদুপুরে দুই শিক্ষিকাকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ছিনতাই, আতঙ্কে শিক্ষক সমাজ

নবীগঞ্জ প্রতিনিধি। 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-এ দিনদুপুরে ফিল্মি কায়দায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই দিনে পৃথক দুটি স্থানে সংঘটিত এ ঘটনায় শিক্ষক সমাজ ও সচেতন মহলের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।


ভুক্তভোগী শিক্ষিকারা হলেন— শিল্পী রানী পাল এবং লাকী রানী দাস।

জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। জয়নগর এলাকার সড়কে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার পথরোধ করে। এসময় পিস্তল ও রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।


একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে বেতাপুর ও আমুকোনা গ্রামের সড়কে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। পরে তাদের মধ্যে দুইজন নেমে রামদা দিয়ে ভয় দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।


দুই শিক্ষিকাই জানান, ছিনতাইকারীরা যাওয়ার সময় ঘটনাটি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তারা ও তাদের পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।


স্থানীয়দের দাবি, সম্প্রতি আউশকান্দি বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, সংঘাত ও সহিংসতার ঘটনা বেড়ে গেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।


একই দিনে একই কৌশলে দুই নারী শিক্ষিকাকে টার্গেট করে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ সচেতন মহল। পাশাপাশি নারী শিক্ষকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।


ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।


পরে দুই শিক্ষিকা বাদী হয়ে নবীগঞ্জ থানা-এ পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


এ বিষয়ে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, ছিনতাইয়ের ঘটনায় দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15456
Page of