সিলেটে বাস পোড়ানো ও হত্যা মামলায় ইলিয়াস আলীসহ ৩৮ জন খালাস
সিলেট।
যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীসহ ৩৮ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সাক্ষ্য-প্রমাণ ও জেরা শেষে সিলেটের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ আদালত)-এর বিচারক মো. শরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলাটি ২০১১ সালের ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা হয়। এতে ঘটনাস্থলে বাসের ভেতরে থাকা এক যাত্রীর মৃত্যু ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
মামলার নথি অনুযায়ী, ঘটনাকালে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি চলছিল। ওইদিন বদিকোনা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিলে বাসের মধ্যেই একজন বৃদ্ধ নিহত হন। পরে তার পরিচয় শনাক্ত হয়।
মামলায় আসামিদের মধ্যে বিএনপির সাবেক কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা ছিলেন, যার মধ্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, অ্যাডভোকেট এটিএম ফয়েজসহ মোট ৩৮ জনকে খালাস দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত, অ্যাডভোকেট সাঈদ আহমদসহ অনেকে।
মামলার রায়ে দীর্ঘদিনের আলোচিত এ ঘটনায় আসামিদের খালাসের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।