ইউএনডিপির মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী অহনা আনজুম জুই
নিজস্ব প্রতিবেদক।
লিডিং ইউনিভার্সিটি-এর ইংরেজি বিভাগের ৬১তম ব্যাচের শিক্ষার্থী অহনা আনজুম জুই অর্জন করেছেন ইউএনডিপি বাংলাদেশের মর্যাদাপূর্ণ ‘ইয়ুথ ফর এনডিসি ইমপ্লিমেন্টার্স ফেলোশিপ’। ইয়ুথ ফর এনডিসি, ওয়াইইসিএপি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যৌথভাবে এ ফেলোশিপের আয়োজন করে।
এই ফেলোশিপের মূল লক্ষ্য হলো জলবায়ু বিষয়ক প্রচারণা থেকে বাস্তবায়নের দিকে তরুণদের সম্পৃক্ত করা। বাংলাদেশের ১৩০০ জনেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শেষ বর্ষের (অনার্স) এই শিক্ষার্থী।
অহনা আনজুম জুইয়ের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
উল্লেখ্য, মেধাবী এই শিক্ষার্থীর কাব্যগ্রন্থ দ্য ফারমেন্টেড জার্নাল একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছিল। এছাড়া তিনি দ্য ডেইলি স্টার-এর একজন সহযোগী লেখিকা। তার কবিতা ও ছোটগল্প দেশি-বিদেশি বিভিন্ন জার্নাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
অহনা ২০২৩ সালে দ্য হারমিটেজ রেসিডেন্সি-তে যোগ দেন, যেখানে তিনি আরিফ আনোয়ার, অঞ্জলি সিং এবং মোহাম্মদ মাসুদ মুরসি-এর তত্ত্বাবধানে ছিলেন।
লেখালেখির পাশাপাশি অহনা মানবিক পরিবেশ, নদী গবেষণা এবং জলবায়ু বিষয়ক প্রচারণায় সক্রিয়ভাবে আগ্রহী।