logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০১ মে ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে গণমাধ্যম সপ্তাহে র‍্যালি: রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ০১ মে ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ মে ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
ছাতকে গণমাধ্যম সপ্তাহে র‍্যালি: রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা ছাতক উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।


র‍্যালিটি ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলার প্রতিনিধি সাকির আমীন, দৈনিক যুগভেরী প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংবাদিক এআর ছায়েম, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফারুক আহমেদ নোমান।


এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ রুনু, সমাজসেবী বদর উদ্দিন ও আলী আহমেদ তালুকদার, সাংবাদিক লোকমান হোসেনসহ আরও অনেকে।


বক্তারা বলেন, ১ থেকে ৭ মে পালিত ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পেত। কিন্তু এখনো এ সপ্তাহটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। দীর্ঘদিন ধরে বিএমএসএফ সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৪ দফা দাবি জানিয়ে আসছে।


তারা জানান, দেশের অধিকাংশ সাংবাদিক সংগঠন ইতোমধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে।


বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত এসব যৌক্তিক দাবি বাস্তবায়ন করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15097
Page of