প্রশাসনে নতুন নেতৃত্ব: ছাতক ইউএনও হিসেবে আসছেন মো. মহি উদ্দিন
ছাতক প্রতিনিধি। সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন মো. মহি উদ্দিন। আগামী রবিবার তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করতে পারেন বলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
বর্তমানে মো. মহি উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসিন্দা।
জানা যায়, মো. মহি উদ্দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ২০১৭ সালে ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
চাকরিজীবনের শুরুতে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়া যান। দেশে ফিরে সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তাকে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। সর্বশেষ সরকারি এক প্রজ্ঞাপনে তাকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।