সিলেটে পৃথক অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার
সিলেট।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী এবং দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, ২৭ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ সোলায়মান সঙ্গীয় ফোর্সসহ বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন। গাজী বুরহান উদ্দিন (রহঃ) মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত মোঃ আব্দুল করিম, সাং-দক্ষিণ বালী, থানা-মৌলভীবাজার সদরকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৪৯, তারিখ ২৭/০৪/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ১০টা ০০ মিনিটে এসএমপি সিটিএসবি’র তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ পশ্চিম পীরমহল্লার একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালায়। অভিযানকালে মোঃ হাসান আহমদ (২০), পিতা বাবুল মিয়া, সাং দোয়ালিয়া, থানা ছাতক, সুনামগঞ্জ এবং বর্তমানে বনকলাপাড়া, এয়ারপোর্ট থানা, সিলেটকে ২টি চান কোড়াল ও ১টি রামদাসহ আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার একটি নির্মাণাধীন বাসা থেকে আরও ২টি চান কোড়াল, ৩টি রামদা এবং ৩টি লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-২২, তারিখ ২৮/০৪/২০২৬, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার এক কর্মকর্তা বলেন, “অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।” আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।