২ মে সিলেট সফরে প্রধানমন্ত্রী: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও মাজার জিয়ারতসহ ব্যস্ত কর্মসূচি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি পত্র অনুযায়ী, আগামী ০২ মে ২০২৬ (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রী সিলেট জেলা সফর করবেন। সফরসূচিতে ধর্মীয়, উন্নয়নমূলক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরসূচি নিম্নরূপ:
সকাল ০৮:২০ মিনিটে তিনি নিজ বাসভবন থেকে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ০৯:০০ টায় বিমানবন্দরে পৌঁছে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সকাল ১০:০০ টায় সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ১০:৩০ টায় সেখানে জিয়ারত সম্পন্ন করবেন।
এরপর সকাল ১১:০০ টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে অংশ নেবেন।
সকাল ১১:৪৫ টায় তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে অবস্থিত বাঁশিয়া খাল খনন কার্যক্রমের স্থান অভিমুখে যাত্রা করবেন। দুপুর ১২:০০ টায় সেখানে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
দুপুর ১৩:৩০ টায় প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউসে বিরতি গ্রহণ করবেন।
বিকেল ১৫:০০ টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
বিকেল ১৭:০০ টায় তিনি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি দলীয় সভায় যোগ দেবেন।
সন্ধ্যা ১৮:২০ টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ১৯:০০ টায় ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটে রওনা দিয়ে রাত ২০:০০ টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সরকারি পত্রে আরও জানানো হয়েছে, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী থাকবেন।
পত্রটি ২৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত হয়ে জারি করা হয়।