বিভাগীয় কমিশনার পদে বড় রদবদল: খুলনা, বরিশাল ও সিলেটে নতুন নিয়োগ
ডেস্ক নিউজ।
জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে বিভিন্ন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো: আবদুল্লাহ হারুন (৬৬৯৩), অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
খলিল আহমেদ (৬৭১৮), অতিরিক্ত সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া মো: মশিউর রহমান (৬৬৭২), মহাপরিচালক, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ এবং প্রয়োজনীয় হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে।