সিলেট-সুনামগঞ্জে র্যাব-৯ এর অভিযান: ট্রাফিক ও পরিবেশ আইন লঙ্ঘনে ২৫ গাড়ির মালিককে জরিমানা
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক দুই অভিযানে সিলেট ও সুনামগঞ্জে সড়ক পরিবহণ আইন, শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোট ২৫ জন গাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ০৭টি অন-টেস্ট সিএনজি জব্দ এবং ২৪টি হাইড্রোলিক হর্ন আটক করা হয়েছে।
র্যাব-৯ জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকে তারা অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব-৯ ও বিআরটিএ, সিলেটের যৌথ অভিযানে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট জেলার জালালাবাদ থানাধীন বিভিন্ন এলাকায় সড়ক পরিবহণ আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে মোট ০৮টি গাড়ির মালিককে ৯,৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহনসহ বিভিন্ন অনিয়মের কারণে ০৭টি অন-টেস্ট সিএনজি আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়।
একই দিনে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ০৩ জন গাড়িচালককে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণ এলাকায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৪ জন গাড়ির মালিককে ২১,০০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
র্যাব-৯ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “জনস্বার্থে এবং পরিবেশ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”