logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আলোকিত জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম: লিডিং ইউনিভার্সিটি উপাচার্য

চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
আলোকিত জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম: লিডিং ইউনিভার্সিটি উপাচার্য

সিলেট প্রতিনিধি: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, ‘আলোকিত জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম।’ সাংবাদিকতা একটি কঠিন ও দায়িত্বশীল পেশা। তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। তাই তথ্য-উপাত্ত নির্ভুল না হলে তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনতে পারে।


বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে দৈনিক আলোকিত সিলেটের দেড় যুগ (১৮ বছর) পেরিয়ে ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সাংবাদিকতার মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।


তিনি বলেন, ‘বিগত দিনে একটি ন্যারেটিভ তৈরি হয়েছিল যে, টিকে থাকতে হলে এটি সমর্থন করতে হবে, ওই দল সমর্থন করতে হবে। তখন আমরা আমাদের বিবেককে পর্যন্ত বিক্রি করে দেওয়ায় জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছিল।’


দৈনিক আলোকিত সিলেটের দীর্ঘ পথচলার প্রশংসা করে উপাচার্য বলেন, একটি গণমাধ্যম দেড় যুগেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে কাজ করছে এবং জনজীবনে প্রভাব রাখছে—এটি সত্যিই প্রশংসনীয়। অনলাইনের মাধ্যমে সাংবাদিকতা আরও বিস্তৃত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দৈনিক আলোকিত সিলেট একই সঙ্গে অনলাইন ও প্রিন্ট মাধ্যমে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে।


সাংবাদিকতা পেশার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সাংবাদিকদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। পরিশ্রম করে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হয়, যা অন্য অনেক পেশার ক্ষেত্রে এভাবে করতে হয় না। এ জন্য গণমাধ্যমকর্মীদের সুদৃঢ় ইচ্ছাশক্তি ও দায়িত্ববোধ প্রয়োজন।


তিনি বলেন, ‘আলোকিত জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম।’ দৈনিক আলোকিত সিলেট ভবিষ্যতেও গণমানুষের কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ


দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক আফতাব চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল হোসেন মো. আলমগীর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমদ ও আবু সাঈদ, এনসিপি সিলেট জেলার জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমশক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু।


দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দৈনিক সুরমা মেইলের চিফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মো. আলমগীর আলম, সিনিয়র ফটোসাংবাদিক দুলাল হোসেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শমসের আলম, ব্যবসায়ী কাওসার আহমদ, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার নাহিদ আহমদ, মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী, মধুবন সুপার মার্কেটের ম্যানেজার সাজ্জাদুর রহমান শিমুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার শেখ জাবেদ আহমদ, সিলেটের খবর২৪.কমের সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, বার্তা সম্পাদক ইকবাল আহমদ, আয়কর আইনজীবী সাঈদুর রহমান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম এবং আইওনটিভির ক্যামেরাপারসন খায়রুল আলম রাফসানসহ অনেকে।


অনুষ্ঠানে অতিথিরা দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


দীর্ঘ ১৮ বছরের পথচলা শেষে ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17395
Page of