logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৮ এপ্রিল ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পরিবেশমন্ত্রীর সাথে জার্মান প্রতিনিধিদলের বৈঠক: কারিগরি সহযোগিতার প্রতিশ্রুতি

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ এপ্রিল ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ এপ্রিল ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন
পরিবেশমন্ত্রীর সাথে জার্মান প্রতিনিধিদলের বৈঠক: কারিগরি সহযোগিতার প্রতিশ্রুতি

ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে জার্মান সংসদ Bundestag-এর পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


বৈঠকে উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সম্পর্ক বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং পরিবেশগত অংশীদারিত্বকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জার্মানির কারিগরি ও আর্থিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আলোচনায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পানি পুনঃব্যবহার এবং Environmental Governance জোরদারের বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জ্বালানি দক্ষতা, গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উঠে আসে।


মন্ত্রী জানান, GIZ এবং KfW Development Bank-এর সহায়তায় বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা দেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং পরিবেশ ব্যবস্থাপনা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, মন্ত্রণালয় ভবিষ্যতে জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।


বৈঠকে “বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP)” কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু অর্থায়ন আহরণ, নীতিগত সংস্কার ত্বরান্বিত করা, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন এবং জ্ঞান বিনিময় সহজতর করতে জার্মান সরকারের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনের ক্ষেত্রেও জার্মানির সহায়তা প্রত্যাশা করা হয়।


জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে।


বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন), অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্‌জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14591
Page of