logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ ডিসেম্বর ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন WP Import

শুরু হলো অশ্রু বিজয় আর গৌরবের মাস ডিসেম্বর

WP Import ০২ ডিসেম্বর ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন জাতীয়
WP Import ০২ ডিসেম্বর ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন
শুরু হলো অশ্রু বিজয় আর গৌরবের মাস ডিসেম্বর
শুরু হলো অশ্রু বিজয় আর গৌরবের মাস ডিসেম্বর

শুরু হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন—মহান বিজয় ও স্বাধীনতার মাস, ডিসেম্বর। এই মাসেই ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। মাসটির প্রথম দিনেই জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে একাত্তরের বীর শহীদদের।

 

বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের এই মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক পরিক্রমার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন পূরণ হয় এই মাসে।

 

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এই মাসের ১৬ ডিসেম্বর। এদিন স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জিত হয় নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে স্বাধীনতা সেদিন পূর্ণতা পায়।

 

এ অর্জন যেমন আনন্দের, তেমনি বেদনাবিধূর শোকেরও। বহু তরতাজা প্রাণের বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই বিজয় আসায় ডিসেম্বর মাস শোকের আবহও বহন করে।

 

বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামসদের সহযোগিতায় দেশের মেধাবী সন্তান, বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এই ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই।

 

ডিসেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ ও যৌথ বাহিনীর প্রতিরোধের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের সংবাদ চারদিক থেকে আসতে থাকে। অবশেষে, ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

 

এর মধ্য দিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। জাতি অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9867
Page of