হবিগঞ্জ সদর হাসপাতালে শয্যা সংকট: ১ দিনে ভর্তি ২ শতাধিক শিশু
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে একদিনে ভর্তি হয়েছে ২১৯ শিশু। ভর্তি রোগী ৪২২জন ধারণ ক্ষমতার ড্রাবল রোগী ভর্তি আছে।
নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছে তারা। অর্ধশতাধিক শিশু স্ক্যানু ওয়ার্ডে, বেডের ঘাটতির কারণে অনেককে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে। এসময় দুই নবজাতক শীতজনিত রোগে মারা গেছে।
শীতের তীব্রতায় জেলাজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা নেমে এসেছে, যা দরিদ্র ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষরা কাজে যেতে পারছেন না।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার বলেন, “শিশু ও প্রবীণরা শীতে বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় চিকিৎসক ও সেবিকারা হিমশিম খাচ্ছেন। তবু সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।”
তিনি শিশু ও নবজাতককে ঠান্ডা থেকে রক্ষার জন্য গরম কাপড় পরানো, হালকা গরম পানিতে গোসল করানো এবং ধুলাবালি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন।