logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন WP Import

লাখো জনতার অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

WP Import ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন
লাখো জনতার অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
লাখো জনতার অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

ঢাকা: দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হয়েছেন লাখো মানুষ। লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজা।

 

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

 

জানাজার আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও বেগম খালেদা জিয়া যদি কারো কাছে কোনো প্রকার ঋণ থেকে থাকে তা যেন তারেক রহমানকে জানানো হয়। তিনি ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন।

 

জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। জানাজায় অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জানাজায় অংশ নিয়েছেন।

 

জানাজায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার ভক্ত-অনুরাগী ও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজাস্থলে উপস্থিত হন। তাদের সবার মুখ ছিল হতাশা আর হারানোর প্রতিচ্ছবি।

 

জানাজায় অংশ নেয়া কারো কারো চোখ বেয়ে পানি পড়তেও দেখা যায়। কেউ আবার হাউমাউ করে, কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলেন।

 

এর আগে বেলা পৌন ১২টায় জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে আনা হয়েছে।

 

এসময় গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা এসেছেন।

 

এরও আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে খালেদা জিয়া নেওয়া হয়।

 

উল্লেখ্য, টানা ৪০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।

 

তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়াও আজ বুধবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/8806
Page of