সিলেট সীমান্তে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও বাংলাদেশি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট ও লোভাছড়া বিওপির বিশেষ আভিযানিক টহলদল এসব মালামাল জব্দ করে।
১৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা, চিনি, পাতার বিড়ি, গরু এবং বাংলাদেশি রসুন জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।