logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৬ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মন্ত্রী নয়, সফল খামারি হিসেবেও জাতীয় স্বীকৃতি: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেলেন আরিফুল হক

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
মন্ত্রী নয়, সফল খামারি হিসেবেও জাতীয় স্বীকৃতি: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেলেন আরিফুল হক

সিলেট :


দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর লাখাউরায় প্রতিষ্ঠিত তাঁর ‘আফসা হক ডেইরি ফার্ম’ প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর স্বর্ণপদক অর্জন করেছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন আরিফুল হক চৌধুরী।


রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়।


সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউড়ায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে অবদান রেখে আসছে। খামারটিতে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির গবাদিপশু পালন করা হয়। খামার পরিচালনায় সাফল্য এবং প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে গবাদিপশুর খামার ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি এ স্বর্ণপদক অর্জন করে।


পুরস্কার গ্রহণের পর আরিফুল হক চৌধুরী দেশের খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে খামারিদের জন্য সরকারি প্রণোদনা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে গোখাদ্যের মূল্য ও উৎপাদন ব্যয় বিবেচনায় খামারিদের জন্য ভর্তুকি প্রদানের বিষয়েও তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


একদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, অন্যদিকে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে সম্পৃক্ততা—দুই পরিচয়ের সমন্বয়ে আরিফুল হক চৌধুরীর এ অর্জন বিশেষ তাৎপর্য বহন করছে।


বিশেষ করে সিলেটের লাখাউরায় প্রতিষ্ঠিত একটি খামারের জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19223
Page of