logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২২ নভেম্বর ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, ১০১ বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ২২ নভেম্বর ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২২ নভেম্বর ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন
যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, ১০১ বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা


মহান সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ ছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা, সেনাকুঞ্জে বিশেষ আয়োজন এবং দেশের বিভিন্ন সেনানিবাস ও নৌ-স্থাপনায় নানা কর্মসূচি পালন করা হয়।


শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তাঁরা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।


**স্টাফ রিপোর্টার:**


মহান সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ ছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা, সেনাকুঞ্জে বিশেষ আয়োজন এবং দেশের বিভিন্ন সেনানিবাস ও নৌ-স্থাপনায় নানা কর্মসূচি পালন করা হয়।


শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তাঁরা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।


এর আগে দিবসের কর্মসূচির শুরুতে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।


মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।


শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে যান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকরা। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


**১০১ বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে সংবর্ধনা**


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


অনুষ্ঠানে সাতজন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচিত কয়েকজনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে অংশ নেন তিনি।


অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


**সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর সংবর্ধনা**


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অপরাহ্নে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।


এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দেন এবং অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে চা-চক্রে অংশ নেন তিনি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


**দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি**


দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব স্থানে অপরাহ্ন ও সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নিকটস্থ ঘাটে নোঙর করা এসব জাহাজ সাধারণ মানুষ পরিদর্শনের সুযোগ পান।


**গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজন**


সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। বাংলাদেশ টেলিভিশন ২০ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করে। বাংলাদেশ বেতার ২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান প্রচার করে। পরবর্তী সময়ে বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোতেও এসব অনুষ্ঠান পর্যায়ক্রমে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়।


এদিকে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। সশস্ত্র বাহিনীর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।


উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এ দিনটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত ঐতিহাসিক ভূমিকার স্মারক হিসেবে বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19135
Page of