বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী, আবেদনের চেয়ে ১ কোটি বেশি
ঢাকা :
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৬ উদযাপন উপলক্ষে ৩ কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান চেয়ে আবেদন করা হলেও আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি বরাদ্দের নির্দেশ দিয়েছেন তিনি।
গত ২ নভেম্বর (সোমবার) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুদানের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে জানান।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন–২০২৬’ উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়। মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছিল।
তবে প্রস্তাবিত অর্থের পরিবর্তে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এতে ট্রাস্টের চাহিদার তুলনায় অতিরিক্ত ১ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের ফলে বড়দিন উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সম্প্রদায় উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।