logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৪ নভেম্বর ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ নভেম্বর ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ নভেম্বর ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সিলেট :

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহনসংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় একপর্যায়ে এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে যে অবকাঠামো ও জায়গায় কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, তা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে পুরোপুরি সহায়ক নয়। তারপরও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কলেজের খেলার মাঠের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি মসজিদ নির্মাণ ও পরিবহনসংক্রান্ত সমস্যাও নিরসন করা হবে।


তিনি আরও বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তবে সবার চূড়ান্ত লক্ষ্য হলো, একদিন প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।


শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়ে মন্ত্রী বলেন, তিনি কেন দেশ ছেড়ে গিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর তাঁকেই দিতে হবে। দেশের মানুষের ক্ষোভের মুখে তিনি দেশ ছেড়েছিলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তিনি যেদিনই দেশে ফিরুন, আইন অনুযায়ী তাঁর প্রাপ্য ও দায়দায়িত্ব তাঁকে বহন করতে হবে।


বন্ধ শিল্পকারখানা চালুতে বেসরকারি বিনিয়োগ আহ্বান


সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালু ও নতুন শিল্পে ঋণ দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।


তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনঃপ্রতিষ্ঠিত হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।


নতুন শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে জ্বালানির চাহিদা পূরণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাও রয়েছেন।


কৃষি উৎপাদন বাড়ানোর বিপুল সম্ভাবনা


কৃষি খাতে ঋণ ও উৎপাদন বাড়ানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষিতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।


পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণদের এ খাতে সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


আমদানি-রপ্তানির ব্যবধান নিয়ে উদ্বেগের প্রয়োজন নেই


আমদানি ও রপ্তানির ব্যবধান নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি সবসময় রপ্তানির তুলনায় বেশি থাকলেও শুধু এ ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।


তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমবে। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো সম্ভব। অন্যদিকে রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে হবে। তাই আমদানি ও রপ্তানির ব্যবধানের পাশাপাশি দেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে।


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।


মতবিনিময় সভা শেষে মন্ত্রী হযরত শাহপরাণ (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19176
Page of