logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ নভেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
চা শিল্পের আন্তর্জাতিক ব্র্যান্ডিং, শ্রমিকদের ন্যায্য মজুরি ও জাতিসংঘের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে গুরুত্ব

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

সিলেট :


পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অব কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে বর্ণাঢ্য রাজকীয় সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের মানুষের উষ্ণ আতিথেয়তা, সংস্কৃতি ও সৃজনশীলতায় মুগ্ধতা প্রকাশ করেছেন পর্তুগিজ রাজকন্যা। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের চা শিল্পকে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।


শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর এয়ারপোর্ট রোডস্থ উইন্ডসর হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।


বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. বদরুজ্জামান সেলিমের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু।


সংবর্ধনায় রাজকীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা এবং তাঁর স্বামী ডিউক অব কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স। এ ছাড়া প্রতিনিধি দলের প্রধান ও লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান (কেসিআর, কেজিওআর, ওবিই) এবং জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ডিরেক্টর আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিলেটের মানুষের উষ্ণ আতিথেয়তা, সৃজনশীলতা ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সিলেটের ব্র্যান্ডিং, বিশেষ করে এখানকার চা শিল্পের সঙ্গে ব্রাগানজা পরিবারের নাম যুক্ত হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। একই সঙ্গে এটি একটি বড় দায়িত্ব।


রাজকন্যার স্বামী ডিউক অব কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স বলেন, একটি দেশের পণ্য ও মানুষই বিশ্বজুড়ে সেই দেশের প্রকৃত দূত হিসেবে কাজ করে। লন্ডন টি এক্সচেঞ্জ ও ফেয়ার পে চার্টারের মাধ্যমে সিলেটের চা এবং পুরো বাংলাদেশকে বিশ্ববাজারে আরও জোরালোভাবে তুলে ধরতে ব্যবসায়ীদের এ সুযোগ কাজে লাগানো উচিত।


প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান তাঁর বক্তব্যে ব্রাগানজা পরিবারের সঙ্গে চায়ের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, ১৬৬২ সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অব ব্রাগানজা ইংল্যান্ডে চায়ের প্রচলনে ভূমিকা রেখেছিলেন। আজ তাঁরই উত্তরসূরি ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা ‘সিলেট টি’ ব্র্যান্ডকে বিশ্বদরবারে পরিচিত করতে এগিয়ে এসেছেন।


তিনি চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সিলেটে জাতিসংঘের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান।


জাতিসংঘের প্রতিনিধি আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল বাংলাদেশের তরুণ জনশক্তি ও শিক্ষার প্রশংসা করেন। সিলেটে জাতিসংঘের একটি নতুন কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগে তাঁর পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি।


সভাপতির বক্তব্যে আব্দুর রহমান রিপন সিলেটের চা শিল্প, পর্যটন, কৃষি ও প্রাকৃতিক সম্পদে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি পর্তুগিজ রাজকন্যার মাধ্যমে বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস স্থাপনের অনুরোধ জানান।


অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক মো. বদরুজ্জামান সেলিম বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে রাজকন্যার উপস্থিতির প্রশংসা করেন। সিলেটের চা শিল্পের প্রসারে এ সফর মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আলম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির ইনাম চৌধুরী।


এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে নিয়াজ মো. আজিজুল করিম, মোহাম্মদ আলী আকিক, হাজী আব্দুস সোবহান, ফুয়াদ বিন রাশিদ, মো. মনিরুল ইসলাম, মো. মনজুর আহমদ, মীর মোহাম্মদ জাকারিয়া, আতাউর রহমান রজব, রুপম খান, শোয়েব আহমদ অভি, মোহাম্মদ রাসেল আলী, ফরহাদুজ্জামান চৌধুরী ও এনাম আহমদ চৌধুরীসহ অনেকে।


বক্তারা সিলেটে বিদেশি বিনিয়োগের অনুকূল ও নিরাপদ পরিবেশের কথা তুলে ধরেন। তাঁদের মতে, পর্তুগিজ রাজকন্যার এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।


উল্লেখ্য, এ সংবর্ধনা শুধু সৌজন্য আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; বরং সিলেটের চা শিল্পকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করা, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলোও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19163
Page of