সিলেটে টিনের চালের পানি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের, রাতেই কলেজছাত্রের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় এক যুবক নিহত এবং এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে, একই গ্রামের নিজ বসতঘর থেকে সোহান (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এবং রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর চাচাতো ভাই আমির হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি মারামারিতে রূপ নেয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাত আহত হয়। মাকে আহত হতে দেখে ক্ষুব্ধ হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন।
এতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
এদিকে, একই গ্রামের শাহজাহানের ছেলে সোহান (২১) স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে কী কারণে সোহানের এমন মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।