logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ক্যাপ ফাউন্ডেশনের শিশুদের গ্রাম পরিদর্শন করলেন পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
সিলেটে ক্যাপ ফাউন্ডেশনের শিশুদের গ্রাম পরিদর্শন করলেন পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট :

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের ‘দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ’ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম, শিশুদের জন্য গড়ে তোলা সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তাঁরা। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির মানবিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা এ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের পিটার ড্যানিস পোগোস, লায়লা নিকোলাস পোগোস ও স্যামুয়েল বেনজামিন পোগোস। এ ছাড়া ক্যাপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল নূর হুমায়ুন, পেটরন পলি ইসলাম এবং নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সিইও মো. আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ক্যাপ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন বলেন, ক্যাপ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। ‘দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের কল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, নিকোলাস পোগোস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের এ পরিদর্শন তাঁদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। অতিথিদের উপস্থিতি ও সহযোগিতা চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি।

পরিদর্শনকালে নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজের বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রা ও সাফল্য কামনা করেন।

এ সময় ক্যাপ ফাউন্ডেশনের কর্মকর্তারা অতিথিদের প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19159
Page of