logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৮ নভেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ নভেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ নভেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন
গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

অনলাইন ডেস্ক ;

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।


তিনি জানান, গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।


দায়িত্ব বণ্টনের বিষয়ে তিনি বলেন, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা। গোপালগঞ্জ সদরে বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বিতভাবে টহল ও অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্য একটি প্লাটুন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কার্যালয় ও সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় নিয়োজিত সদস্যরাও টহলে অংশ নেবেন।


শক্তি প্রয়োগের বিষয়ে উপমহাপরিচালক বলেন, প্রাথমিক নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করা যাবে না। সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে শব্দ, বাঁশি, সদস্যদের উপস্থিতি এবং পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন কৌশল প্রয়োগ করা হবে। প্রয়োজনে সাউন্ড গ্রেনেড ব্যবহারের কথাও জানান তিনি।


তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে।


আনসার বাহিনীর অভিজ্ঞতা ও সক্ষমতার কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান গনী বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে এ বাহিনী। সাম্প্রতিক সময়ে গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাকশিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায়ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।


গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি। এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন উপমহাপরিচালক।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19068
Page of