logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২১ নভেম্বর ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে অগ্নিসংযোগ, উদ্বেগ জানিয়ে ঘটনাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা

চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন
প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে অগ্নিসংযোগ, উদ্বেগ জানিয়ে ঘটনাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা

সিলেট :

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের সিলেট জেলা ও মহানগর এবং ছাত্রশিবিরের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘটনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সহমর্মিতা জানান।


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঘটনাস্থল পরিদর্শন করে।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। এ ছাড়া স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীতে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। ইতোমধ্যে নগরীতে ছয়টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তাঁরা বলেন, সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা নগরীর নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।


তাঁরা আরও বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানান তাঁরা।


উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনায় কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19107
Page of