আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মজিবুর রহমান মঞ্জু
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত জুলুম-অত্যাচারের বিচার এবং রাজনৈতিক সহিংসতা আইনগতভাবে মোকাবিলায় সরকার ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এমন পরিস্থিতির দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটরিয়ামে এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং দিলোয়ার হোসাইন ও আরিফ বিল্লাহ আনসারের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক গাজি নাসির, সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের আহ্বায়ক ওমর ফারুক, যুবনেতা সুজন আহমেদ, সুনামগঞ্জ জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ এবং জেলা সদস্যসচিব জনাব আলী আসগর ইমন। স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব হাফিজ মশাহিদ আলী।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিলেও সরকার জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে ন্যায়সংগতভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাম্প্রতিক অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি শাহজাহান আহমদ। সমাবেশে এবি পার্টি ও এবি যুব পার্টির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।