logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ২১ নভেম্বর ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অভিযোগে আটক ৯

চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন
বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অভিযোগে আটক ৯

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীসহ বিভিন্ন অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগের তিন নেতাকর্মী ও আওয়ামী লীগের এক স্থানীয় নেতা, ৪৯ পিস ইয়াবাসহ দুজন, চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় দুজন এবং সাজা পরোয়ানাভুক্ত একজন আসামি।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, সম্ভাব্য নাশকতা ও অরাজকতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের ফতেহপুর গ্রামের তারেক আহমদ মুসা (২৫), উপজেলা ছাত্রলীগের মাথিউরা গ্রামের এহসান হোসাইন খান (২৪), কাকরদিয়া গ্রামের হাবিবুর রহমান খান রাহিম (২৩) এবং দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬)।


এদিকে পৃথক অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ হবিগঞ্জের লাখাই এলাকার মো. ইকরাম আলী (৩৫) ও জামালগঞ্জের ফেনারবাগ এলাকার মো. অলিম (২০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।


অন্যদিকে চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় জসিম আহমদ (২৭) ও রুবেল প্রকাশ মনা মিয়াকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া সাজা পরোয়ানাভুক্ত আসামি তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের কবির হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।


বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19119
Page of