logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ নভেম্বর ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে লাখ টাকা ছিনতাই

চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ন
জকিগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে লাখ টাকা ছিনতাই

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জকিগঞ্জে পূর্ববিরোধের জেরে বাবা ও ছেলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত এবং ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


গত ১৭ নভেম্বর মামলাটি দায়ের করেন উপজেলার ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের জহুরুল ইসলাম জুবের (৩০)। মামলায় দণ্ডবিধির ৩৪১, ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল ৭টার দিকে জকিগঞ্জ-শেওলা সড়কের মাছুমবাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বাদীর বাবা মো. আব্দুল মজিদ প্রয়োজনীয় কাজে সিলেট আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অভিযুক্তরা তাঁর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।


এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বাদীর পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ ও মনোমালিন্য চলছিল। এর জের ধরে ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র, বল্লম, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে বাদীর বাবা আব্দুল মজিদ ও ছোট ভাই সাইফুল ইসলামসহ পরিবারের কয়েকজন আহত হন।


বাদীর অভিযোগ, হামলার একপর্যায়ে তাঁর বাবার সঙ্গে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া হত্যার উদ্দেশ্যে তাঁর বাবা ও ভাইয়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।


আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে আব্দুল মজিদ ও সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


মামলায় অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—আবুল কালাম রব্বানি (২২), রাবিন আহমদ (২৪), আব্দুস সালাম (২৫), নাহিদ আহমদ (২১), আরিফুজ্জামান মীম (২০), আব্দুল আজিজ (৫৩) ও শামসুল ইসলাম (৪৫)। এজাহার অনুযায়ী, তাঁদের মধ্যে ছয়জন পিয়াইপুর গ্রামের বাসিন্দা এবং শামসুল ইসলামের বাড়ি জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত গ্রামে। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “বয়স্ক লোকটিকে মারধরের ভিডিও ফুটেজ দেখেছি। মামলা গ্রহণের পর তদন্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা এলাকায় নেই। বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শৈলেশ চন্দ্র দাস।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19117
Page of