logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ নভেম্বর ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কর্মব্যস্ত সাংবাদিকদের জন্য খেলাধুলা জরুরি: সিসিক প্রশাসক

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী: খেলাধুলা সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন
কর্মব্যস্ত সাংবাদিকদের জন্য খেলাধুলা জরুরি: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে শারীরিক ও মানসিক সুস্থতা, বিনোদন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক জৈন্তাবার্তার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রেসক্লাবের শতাধিক সদস্য সাংবাদিক।


রোববার (৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের কর্মব্যস্ততার যেন শেষ নেই। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনসহ নানা দায়িত্ব পালন করতে গিয়ে দিনের অধিকাংশ সময় তাঁদের কর্মক্ষেত্রে ব্যয় হয়। ফলে অনেক সময় নিজেদের কিংবা পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত সময় বের করা সম্ভব হয় না। এ অবস্থায় শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় রাখতে খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডের বিকল্প নেই।


তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে শরীর ও মন ভালো থাকে, কর্মক্ষেত্রের একঘেয়েমি দূর হয় এবং নতুন উদ্যমে পেশাগত দায়িত্ব পালনের আগ্রহ তৈরি হয়। খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিলেট জেলা প্রেসক্লাবের এমন উদ্যোগ প্রশংসনীয়। তিনি প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন।


অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব নবীন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও দৈনিক জৈন্তাবার্তার উপদেষ্টা সম্পাদক রেজাউল করিম নাচন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিয়নের সেক্রেটারি তোফাজ্জল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং সহসাধারণ সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ।


বিশেষ অতিথিরা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের প্রতিনিয়ত নানা ধরনের চাপ ও ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করতে হয়। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ধরনের ক্রীড়া আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে আনন্দ ও স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি সহকর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল।


এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য দেবাশীষ দেবু, সাঈদ চৌধুরী টিপু, কাইয়ুম উল্লাস, মিসবাহ উদ্দিন আহমদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম। পবিত্র গীতা পাঠ করেন ক্লাবের সহসভাপতি সজল ঘোষ।


উল্লেখ্য, সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতায় প্রায় দুই সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে ক্লাবের শতাধিক সদস্য অংশ নিচ্ছেন। সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18767
Page of