কানাইঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান, উদ্ধার ৫৫ বোতল ভারতীয় মদ
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) কানাইঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নন্দিরাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম ভূঁইয়া ও এএসআই (নিরস্ত্র) একেএম জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে নন্দিরাই এলাকার মোবাশ্বের আলীর বসতবাড়ির পুকুরের পূর্ব পাড় থেকে ৫৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
মাদক ও অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।