আশিক হত্যা: ১১ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় কোম্পানীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে আশিক আলী হত্যাকাণ্ডের ১১ দিন পার হলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জ গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা বুড়দেওয়ের হাবির দোকানের সামনে মহাসড়কে ব্যারিকেড দিয়ে মানববন্ধন করেন। পরে মিছিলটি থানা বাজার পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোম্পানীগঞ্জ থানার সামনে যায়।
এ সময় ‘আশিক হত্যার বিচার চাই’, ‘আশিক আলী কবরে, খুনি কেন বাইরে’—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের সামনে গিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন এবং পরিষদের ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নিহত আশিক আলীর স্ত্রী রহিমা বেগম, তাঁর তিন ছেলে ছাঈম আহমদ ও ফাঈম আহমদসহ পরিবারের সদস্যরা অংশ নেন। এ ছাড়া এলাকার বিশিষ্ট মুরব্বি বোরহান উদ্দিন, আজমত আলী, হায়াত উল্লাহ, রাফি আহমদ, পারভেজ, বিল্লাল মিয়া, নিহতের বড় ভাই শফিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২টার দিকে নদীতে শিশুদের গোসল করাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের আঘাতে আশিক আলী গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বজনেরা কয়েকজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি জানান, ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্নভাবে কাজ করছে। এ বিষয়ে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
বিক্ষোভকারীরা বলেন, হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। স্থানীয়দের মতে, আশিক আলীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। অন্যথায় এলাকায় অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।