১৫ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে সিলেটে অনির্দিষ্টকালের সিএনজি ধর্মঘট
সিলেট :
পাঁচ দফা দাবি আদায়ে সিলেটে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা। দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিক নেতারা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর প্রশাসনিক হয়রানি বেড়েছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দেওয়া হচ্ছে। একজন চালক সারাদিন গাড়ি চালিয়ে এক থেকে দেড় হাজার টাকা আয় করেন। অথচ একটি মামলায় তাঁকে পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, পরিবহন খাতের বিদ্যমান সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
সমাবেশে মালিক-শ্রমিক নেতারা তাঁদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সিলেট জেলা ও মহানগরীতে ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করা।
এ ছাড়া সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, পুলিশি দায়িত্ব পালনের সময় জ্বালানি ও চালকের খাবারের খরচ দেওয়া এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
পাশাপাশি ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, ট্রাফিক কর্মকর্তাদের হয়রানি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবিও তুলে ধরেন তাঁরা।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন (৭০৭) এবং জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক জোটের সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন রাজা আহমদ ও এম বরকত আলী। এতে মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হবে।