logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ নভেম্বর ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সীমান্ত পেরিয়ে সভা করলেন সাবেক এমপি রনজিত সরকার, সিলেট-সুনামগঞ্জের পুলিশ সুপারের ভিন্ন বক্তব্য

সুনামগঞ্জ না সিলেট—কোথায় সভা করলেন সাবেক এমপি রনজিত?

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ না সিলেট—কোথায় সভা করলেন সাবেক এমপি রনজিত?

সুনামগঞ্জ প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে সভাটি সুনামগঞ্জ নাকি সিলেট সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে দুই জেলার পুলিশ সুপার ভিন্ন বক্তব্য দিয়েছেন।


সুনামগঞ্জের স্থানীয় সংবাদমাধ্যম ‘সুনামগঞ্জের খবর’-এর এক প্রতিবেদনে বলা হয়, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।


প্রতিবেদন অনুযায়ী, সভাস্থলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’ লেখা ব্যানার টাঙানো ছিল। এতে অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের নাম উল্লেখ করা হয়।


সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তাঁর নিজের ফেসবুক আইডিতে সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন। ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।


ভিডিও বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার ছাত্রলীগের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।


প্রতিবেদনে আরও বলা হয়, সভা শেষে রনজিত সরকার ভারতের উদ্দেশে ফিরে গেছেন বলে নিজেই জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন। তবে সভার স্থান সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি।


এদিকে, সভার স্থান নিয়ে সুনামগঞ্জ ও সিলেটের পুলিশ সুপারের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।


সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। ওই সীমান্ত দিয়ে রনজিত সরকারের প্রবেশের সুযোগ নেই। ভিডিওতে তাঁর নির্বাচনী এলাকার যেসব লোকজনকে দেখা গেছে, তাঁদের সিলেট সীমান্তের কোনো একটি স্থানে জড়ো করে সভাটি করা হয়ে থাকতে পারে।


অন্যদিকে, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, সভাটি সিলেট সীমান্তে হয়নি; বরং সুনামগঞ্জ সীমান্ত এলাকার কোনো একটি স্থানে হয়েছে। উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা বলে তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়।


তবে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো সভার তথ্য পাওয়া যায়নি।


সীমান্ত পেরিয়ে সাবেক সংসদ সদস্যের দেশে প্রবেশ এবং সভা আয়োজনের স্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18789
Page of