কোম্পানীগঞ্জে ‘পাগল’ বলে গালি দেওয়াকে কেন্দ্র করে চাচাকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে ‘পাগল’ বলে গালি দেওয়াকে কেন্দ্র করে রুস্তম আলী (৫৫/৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামের পুরান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুস্তম আলী দক্ষিণ বুরদেও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়া (২৪/৩০) কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রুস্তম আলী তাঁর চাচাতো ভাইয়ের ছেলে বিল্লাল মিয়াকে ‘পাগল’ বলে গালি দিয়েছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বুধবার সকালে রুস্তম আলী বিল্লাল মিয়ার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বিল্লাল মিয়া ধারালো বটি-দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে তাঁর মাথা, গলা ও পেটে আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন বিল্লাল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি জানান, বুধবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে দক্ষিণ বুরদেও এলাকায় হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিল্লাল মিয়া নামে একজনকে আটক করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।