logo
চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষা ০৩ নভেম্বর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চলতি সপ্তাহেই টানা ৩ দিন বন্ধ স্কুল-কলেজ, ছুটি শুরু শুক্রবার

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন শিক্ষা
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন
চলতি সপ্তাহেই টানা ৩ দিন বন্ধ স্কুল-কলেজ, ছুটি শুরু শুক্রবার

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজার ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।


ছুটির সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি। এরপর রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও এ ছুটির আওতায় থাকবে। প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।


এ ছাড়া সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি থাকবে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ছুটি একইভাবে প্রযোজ্য নয়।


বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ নেই।


অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে এ ছুটি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।


উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে উদ্‌যাপিত হয়। একই দিনে দীপাবলি উৎসবও পালিত হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18578
Page of