logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ নভেম্বর ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
একজনের বিরুদ্ধে হত্যা, চুরি, মাদক ও দ্রুত বিচার আইনে ৬ মামলা; অপরজনের বিরুদ্ধে রয়েছে বিশেষ ক্ষমতা আইন ও মাদক আইনের ৪ মামলা

সিলেটে কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, দুজনের বিরুদ্ধে ১০ মামলা

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন
সিলেটে কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, দুজনের বিরুদ্ধে ১০ মামলা

সিলেট :

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও পকেটমার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেলে নগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিকুর রহমান টিপু (৪১) ও শরীফ আহমদ (৩৪)। পুলিশ জানায়, তাঁদের মধ্যে আশিকুর রহমান টিপুর বিরুদ্ধে হত্যা, দ্রুত বিচার, চুরি ও মাদক আইনে মোট ছয়টি মামলা রয়েছে। অন্যদিকে শরীফ আহমদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং মাদক আইনে দুটি মামলা চলমান রয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নগরীর সুরমা পয়েন্ট এলাকা থেকে আশিকুর রহমান টিপুকে আটক করা হয়।


পুলিশের দাবি, আশিকুর রহমান টিপু একজন পেশাদার ছিনতাইকারী। তিনি সাধারণত দায়রা জজ আদালত এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকেন। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি দ্রুত বিচার মামলা, তিনটি চুরি মামলা এবং একটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।


অন্যদিকে একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে শরীফ আহমদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একজন পেশাদার পকেটমার ও চোর। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা চলমান রয়েছে।


পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার আশিকুর রহমান টিপু হবিগঞ্জ জেলার বাহুবল থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ী এলাকার নরসিংটিলায় বসবাস করেন।


অপর গ্রেপ্তার শরীফ আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই থানার দৌলতপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর শাহপরান থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের বিএডিসি মীর মহল্লার মানিক মিয়ার কলোনিতে বসবাস করেন।


কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ছিনতাই ও পকেটমারসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18551
Page of