চার দিন গ্যাস সরবরাহে বিঘ্নের আশঙ্কা, বিজ্ঞপ্তি জালালাবাদ গ্যাসের
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যায় পড়তে পারেন।
সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত চার দিন রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এর প্রভাব পড়বে জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাগুলোতেও। এ কারণে সব শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।