logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০১ নভেম্বর ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোল্ডেন জিপিএ থেকে মানবিক চিকিৎসক হওয়ার স্বপ্ন, মানুষের সেবায় নিজেকে গড়তে চান নাহিয়ান

চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন
গোল্ডেন জিপিএ থেকে মানবিক চিকিৎসক হওয়ার স্বপ্ন, মানুষের সেবায় নিজেকে গড়তে চান নাহিয়ান

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:


রাজনৈতিক পরিচিতি, শিক্ষকতা ও মুক্তিযুদ্ধের গৌরবময় পারিবারিক ঐতিহ্য—সবকিছুর মধ্যেই বেড়ে ওঠা নাহিয়ান বিন খালেদের স্বপ্ন একজন মানবিক চিকিৎসক হওয়া। মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করে দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান তিনি।


হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার শরীফনগর গ্রামের বাসিন্দা নাহিয়ান ২০২৪ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেন। পরবর্তী সময়ে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।


নাহিয়ানের বাবা খালেদুর রশীদ ঝলক দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।


শিক্ষাজীবনে খালেদুর রশীদ ঝলক প্রাথমিক শিক্ষা শেষে আজমিরীগঞ্জ অ্যামালগেমেটেড বীরচরণ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে সিলেটের মদন মোহন কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর সিলেট আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। তবে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে অ্যাডভোকেটশিপ গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।


নাহিয়ানের মা কামরুন্নাহার শারমিন সিলেটের ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি তিনি সিলেট শিক্ষা বোর্ডে প্রধান নিরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর শিক্ষাজীবনেও রয়েছে কৃতিত্বের স্বাক্ষর। এসএসসি পরীক্ষায় স্টার মার্কসসহ প্রথম বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে সিলেটের এমসি কলেজের জীববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি বিএড পরীক্ষায়ও প্রথম বিভাগ অর্জন করেন।


নাহিয়ানের নানা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। ফলে পারিবারিকভাবে রাজনীতি, শিক্ষা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচিত হয়ে বেড়ে উঠেছেন নাহিয়ান।


তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের মেধা, যোগ্যতা ও স্বপ্নকে সামনে রেখেই এগিয়ে যেতে চান তিনি। তাঁর লক্ষ্য সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করা এবং একজন আদর্শ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।


নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাহিয়ান বিন খালেদ বলেন, “সরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করে একজন আদর্শ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। চিকিৎসা খাতের বর্তমান সীমাবদ্ধতাগুলো দূর করে দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যব্যবস্থায় একটি ইতিবাচক ও যুগোপযোগী পরিবর্তন আনা আমার জীবনের ব্রত।”


নাহিয়ানের প্রত্যাশা, নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি ব্যক্তিগত মেধা, অধ্যবসায় ও মানবিক লক্ষ্য নিয়ে তাঁর এই পথচলা ভবিষ্যতে সাফল্যের দিকে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা পরিবারেরও।


ছবি: নাহিয়ান বিন খালেদ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18503
Page of