সিলেটে যাত্রীবাহী সিএনজি থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার গোয়াইনঘাটের যুবক
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ মো. আশিক আহমদ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে কেওয়াছড়া ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশার ডান পাশে বসা যাত্রীর দুই হাঁটুর ওপর রাখা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার মো. আশিক আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তারাকাল এলাকার বাসিন্দা। তিনি সাজিবুর রহমান ও মৃত ফাতেমা বেগমের ছেলে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪০; তারিখ ৩০ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।