বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আলিমের জানাজা সম্পন্ন, আইসিইউতে দুই বন্ধু
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রিফাতপুর গ্রামের যুবক সাইফুর রহমান আলিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বাদ আসর স্থানীয় রিফাতপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ শত শত এলাকাবাসী অংশ নেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ উপজেলার বির্তনীয়া গ্রামের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুর রহমান আলিম নিহত হন।
জানা যায়, ওই রাতে বালাগঞ্জের সিরিয়া এলাকা থেকে নিজ গ্রামের আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন আলিম। পথে তাঁদের বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইফুর রহমান আলিমের মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর দুই বন্ধু রাফি আহমদ (২০) ও ওয়েছ আহমদ (১৮) গুরুতর আহত হন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁরা সিলেটের দুটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মাত্র ২০ বছর বয়সী উদীয়মান যুবক সাইফুর রহমান আলিমের এমন মর্মান্তিক মৃত্যুতে রিফাতপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও বন্ধুমহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।