logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ অক্টোবর ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
টাকার দাবিতে পরিবারের পাঁচ সদস্যের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ছেলে

জকিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে ছেলের হামলা, মায়ের মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ অক্টোবর ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ অক্টোবর ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন
জকিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে ছেলের হামলা, মায়ের মৃত্যু

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা দাবিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় পিয়ারা বেগম (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় আড়াই বছরের এক শিশুসহ পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

নিহত পিয়ারা বেগম জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া এবং টাকা দাবিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে সুমন আহমদের বিরোধ চলছিল। গত শুক্রবার তিনি তাঁর সৎমা কুটিনা বেগমকে (৪৫) সুপারিগাছের রুইল দিয়ে আঘাত করেন। এতে কুটিনা বেগমের চোখে আঘাত লাগে। পরে পিয়ারা বেগম তাঁকে ছেলের হামলা থেকে রক্ষা করতে অপর ছেলে শাহীন আহমদের ঘরে রাখেন।


এরপর শনিবার রাত আনুমানিক ১১টার দিকে সুমন আবারও পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করেন এবং জায়গা-সম্পত্তি তাঁর নামে লিখে দিতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি রুইল দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।


এতে তাঁর মা পিয়ারা বেগম, সৎমা কুটিনা বেগম, ভাই শাহীন আহমদ (৩৮), ভাইয়ের স্ত্রী শাহানা বেগম (৩২) এবং আড়াই বছরের ভাতিজি ইসরাত জাহান আহত হন।


পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারা বেগমের মৃত্যু হয়।


পরিবারের সদস্যদের অভিযোগ, সুমন কয়েক দিন ধরে টাকা দাবি করার পাশাপাশি বাড়ির জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। নেশার টাকার জন্যও তিনি পরিবারের সদস্যদের চাপ দিতেন বলে অভিযোগ করেছেন তাঁরা।


এ ঘটনায় শাহীন আহমদ বাদী হয়ে সুমন আহমদ ও অপর ভাই শামীম আহমদকে (৪৭) আসামি করে মামলা করেছেন। মামলার বাদী শাহীন আহমদ জানান, হামলায় তাঁর স্ত্রী শাহানা বেগম ও মেয়ে ইসরাত জাহানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সৎমা কুটিনা বেগমের চোখের আঘাতও গুরুতর। তিনিও হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সুমনকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। রোববার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


ওসি আরও জানান, পিয়ারা বেগমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হত্যা-সংক্রান্ত ধারা সংযোজন করা হবে। প্রাথমিকভাবে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সুমনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18359
Page of