সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা করেছে ১৯ বিজিবি
জকিগঞ্জ : সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, চোরাচালান, পুশইন, নারী ও শিশু পাচার এবং মানবপাচারসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
রোববার (২৫ অক্টোবর) সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার লালবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারখেওর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত সভায় ডোনা, সোনারখেওর ও আটগ্রাম বিওপির আওতাধীন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় জনসচেতনতামূলক বক্তব্য দেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সহকারী পরিচালক ও অ্যাডজুট্যান্ট এ কে এম নুরুজ্জামান তরফদার। এ সময় কোম্পানি কমান্ডার সুবেদার মো. সেকান্দর আলী উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও চোরাচালান প্রতিরোধ, পুশইন রোধ, নারী ও শিশু পাচার এবং মানবপাচার বন্ধে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম না করা এবং সীমান্ত-সংক্রান্ত অন্যান্য অপরাধ থেকে বিরত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো কার্যক্রম বা সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন। সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।