logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৫ অক্টোবর ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় আসার পর সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত

আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট, জামালগঞ্জের এসিল্যান্ডকে প্রত্যাহার

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট, জামালগঞ্জের এসিল্যান্ডকে প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—এমন পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জামালগঞ্জের দায়িত্ব থেকে সরিয়ে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


রোববার (২৫ অক্টোবর) জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সিলেট টুডে ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাতে ‘AC Land Jamalganj’ নামের একটি ফেসবুক পেজে দুটি পোস্ট দেওয়া হয়। এর একটিতে নিজের মৃত্যুর জন্য জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করার কথা লেখা হয়। অন্য পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’। কিছুক্ষণ পর পোস্ট দুটি মুছে ফেলা হয়।


পোস্ট প্রকাশের পর ইউএনওর ফেসবুক পেজ থেকে এসিল্যান্ডের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানানো হয়েছিল। পরে ইউএনও জানান, শান্ত মানসিকভাবে অসুস্থ। শুরুতে তিনি তাঁর অসুস্থতার বিষয়টি জানতেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা বলা হয়েছিল। পরে তিনি জানতে পারেন, শান্তের স্ত্রী পোস্ট দুটি মুছে দিয়েছেন।


প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে শান্ত তাঁর স্ত্রীকে নিয়ে ইউএনওর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। কেক কাটার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন বলে জানান ইউএনও শিল্পী রাণী মোদক। তাঁর অভিযোগ, শান্ত আনসার সদস্যদের গায়ে হাত তোলেন এবং শিশুদেরও মারধর করেন।


ইউএনও আরও জানান, শান্তের পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি জানতে পারেন, তাঁকে নিয়মিত ওষুধ দিতে হয়। প্রয়োজনীয় ওষুধ জামালগঞ্জে পাওয়া না যাওয়ায় তিনি পুলিশ ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।


জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ইউএনওর ফোন পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। শান্তের স্ত্রীর পরামর্শে তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হলেও তাতে কাজ হয়নি। পরে ইনজেকশনের প্রয়োজন হলেও তা জামালগঞ্জে পাওয়া যায়নি। এরপর রাত একটার পর তাঁকে সিলেটে পাঠানো হয়।


সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, শুক্রবার রাতেই শান্তকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর রোববার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে চট্টগ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।


অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, কয়েক দিন আগে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা দেখার পর থেকে শান্ত মানসিকভাবে আঘাত পেয়ে থাকতে পারেন। তাঁর সঙ্গে কারও বিরোধের তথ্য পাওয়া যায়নি বলেও তিনি জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18352
Page of