হাসিনার ফেরার গুঞ্জনে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকাঃ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি, পতিত শক্তি, পলাতক অপরাধী কিংবা গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে আলোচনা তাঁরাও শুনেছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চলে আসছে। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
তিনি বলেন, বাংলাদেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছেন, তাদের কোনো অপতৎপরতা দেশে চলতে দেওয়া হবে না।
সূত্র: দৈনিক ইনকিলাব ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।