logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৫ অক্টোবর ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দেশের উন্নয়নের প্রধান বাধা মাদক, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন
দেশের উন্নয়নের প্রধান বাধা মাদক, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

ঢাকাঃ

দেশের উন্নয়নের প্রধান অন্তরায় মাদক—এমন মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।


শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, সঠিক দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের যুবসমাজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।


তিনি আরও বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।


প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় পরিচালিত করতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে নানামুখী কর্মসূচি অব্যাহত রেখেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, শিশু-কিশোর ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ‘নতুন কুঁড়ি’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হয়েছে।


সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতিও বিশেষ আহ্বান জানান তিনি।


দুই দিনব্যাপী এই কারাতে প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দল থেকে প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন মন্ত্রী।


বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলম।


সূত্র: বাংলা ট্রিবিউন

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18343
Page of