logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৫ অক্টোবর ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী অর্থমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন
আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী অর্থমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা

ঢাকাঃ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।


এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের একটি দল সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।


দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্ব


সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।


সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।


চার দিনের এই সফরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


সূত্র: বাংলা ট্রিবিউন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18346
Page of