জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ডুবিয়ে দেওয়া হলো ৪ নৌকা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি চারটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাফলং বাজার থেকে নদীপথে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় ছিল জাফলং চা-বাগানসংলগ্ন ইসিএভুক্ত এলাকা, কান্দুবস্তি ও জুমপাড়।
অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ, তামাবিল পুলিশ ফাঁড়ি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অভিযানের সময় উপস্থিত এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা গেলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। তবে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিয়মিত নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।