সিলেটে তোষকের নিচে মিলল ১,৬৭৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ১
সিলেট : সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজিম উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শাহপরাণ মাজার রোডের আইসক্রিম ফ্যাক্টরি গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার নাটেশ্বর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইলিয়াস আলী।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে, শাহপরাণ মাজার রোডের আইসক্রিম ফ্যাক্টরি গলির একটি বাসায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আভিযানিক দলটি ওই বাসায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে ইয়াবা ট্যাবলেট থাকার কথা জানান তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তির দেখানো মতে ঘরের খাটের তোষকের নিচে রাখা একটি কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করা হয়। ওই ব্যাগের ভেতরে থাকা নয়টি কালো রঙের বায়ুরোধক পলিথিন জিপার থেকে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নাজিম উদ্দিন জানিয়েছেন, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।