কানাইঘাটে অটোরিকশাচালক শাহাবউদ্দিন হত্যা: বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৫
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাবউদ্দিন (৩০) হত্যা মামলায় বাবা ও তাঁর চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে বুধবার (২১ অক্টোবর) কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুজন আলী (৫৫) এবং তাঁর চার ছেলে জাকারিয়া (৩০), ইয়াহিয়া (২৫), শাহরিয়া (২২) ও কিবরিয়া (১৯)।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গাড়ির সিরিয়াল নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে সোনাতনপুঞ্জি গ্রামে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শাহাবউদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবউদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মতরিস আলীর ছেলে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।